অভ্যাস

একটা সময় কিছু মানুষ ছিল, যাদের সঙ্গে কথা বলতে বলতে রাত শেষ হয়ে যেত।
ঘড়িতে তিনটে, চারটে বেজে যেত, তবু মনে হত কথা শেষ হয়নি।
“ঘুমিয়ে পড়ো” বলার পরেও আবার নতুন প্রসঙ্গ শুরু হত।
কোনোদিন হঠাৎ মন খারাপ হলে তাদেরই নাম ভেসে উঠত সবার আগে।
দিনের সবচেয়ে তুচ্ছ ঘটনাটাও তাদের না বললে যেন সম্পূর্ণ লাগত না।
আজ সেই মানুষগুলো আছে।
খুব কাছেই আছে।
ফোনের স্ক্রিনে তাদের নাম এখনো জ্বলে ওঠে।
ম্যাসেঞ্জারে সবুজ আলো অন দেখায়, স্ট্যাটাস আপডেট হয়, ছবি বদলায়, মাঝে মাঝে নতুন গানও পোষ্ট করে।
শুধু কথা হয় না।
সবচেয়ে অদ্ভুত লাগে জানো কখন?
যখন পুরোনো চ্যাট খুলে বসি।
স্ক্রল করতে করতে মনে হয়, এ কি সত্যিই আমরা ছিলাম?
এত কথা!
এত যত্ন!
এত অভিমান!
এত “খেয়েছ?”, “ঘুমিয়েছ?”, “পৌঁছালে জানিও”…
মনে হয় একটা সম্পূর্ণ পৃথিবী ছিল সেখানে।
দুজন মানুষের আলাদা একটা গোপন মহাবিশ্ব, যেখানে বাইরের কেউ ঢুকতে পারত না।
কত ছবি, কত ভয়েস নোট, কত অদ্ভুত ইমোজির মানে ছিল শুধু দুজনের জানা।
কিছু কথার কোনো ভাষা ছিল না, তবু বোঝাপড়া ছিল গভীর।
একটা “হুম” এর মধ্যেও ভালোবাসা ছিল, একটা “আচ্ছা” এর মধ্যেও অভিমান লুকিয়ে থাকত।
আর আজ?
সেই চ্যাটবক্সে ধুলো জমেছে।
শেষ মেসেজের তারিখটা অনেক পুরোনো।
মাঝে মাঝে আঙুল যায় টাইপ করতে…
“কেমন আছো?”
তারপর আবার মুছে ফেলি।
কারণ বুঝে গেছি, কিছু দূরত্ব শব্দ দিয়ে আর ভাঙা যায় না।
সব সম্পর্ক ঝগড়া করে শেষ হয় না।
কিছু সম্পর্ক নিঃশব্দে শুকিয়ে যায়।
যেমন পুরোনো বইয়ের পাতার ভেতর শুকিয়ে থাকা ফুল।
একদিন খুব প্রিয় ছিল, এখন শুধু স্মৃতি আছে, গন্ধ নেই।
সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমরা আসলে মানুষকে ভুলে যাই না।
আমরা শুধু কথা না বলার অভ্যাস করে ফেলি।
প্রথমে খুব কষ্ট হয়।
তারপর ধীরে ধীরে দিন কেটে যায়।
নতুন মানুষ আসে, নতুন ব্যস্ততা আসে, জীবন অন্যদিকে মোড় নেয়।
তবু গভীর রাতে, হঠাৎ কোনো পুরোনো গান বাজলে কিংবা পুরোনো স্ক্রিনশট চোখে পড়লে বুকের ভেতর কোথাও চাপা একটা হাহাকার জেগে ওঠে।
মনে হয়,
একটা সময় কেউ ছিল,
যে আমার প্রতিটা রাত জানত।
আমার ভয় জানত।
আমার একাকীত্ব জানত।
আজ সে শুধু অনলাইনে থাকে,
কিন্তু আমার জীবনে আর নেই।

 -Farhan | NPC With Plot Armor

Comments

No comments yet. Be first.

Please log in to comment.